আইইউবি-তে ৬-৭ অক্টোবর ৯ম নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের হ্যাকাথন

৩ অক্টোবর, ২০২৩ ১৪:২৫  

টানা ৯ম বারের মতো আগামী ৬-৭ অক্টোবর নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের হ্যাকাথন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরাম। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠেয় হ্যাকাথনে অংশ নিচ্ছে বিভাগীয় ৯টি শহর থেকে দুই হাজারেরও বেশি প্রতিযোগী। সর্বমোট ২১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে বাছাইকৃত ১০০টি প্রকল্পের শীর্ষ ৫০ এবং বাকি ৫০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী এই হ্যাকথন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস  অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করবেন অংশগ্রহণকারীরা।  

আয়োজক সূত্রে প্রকাশ, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক তানভীর হোসেন খান। ৩৬ ঘন্টা টানা হ্যাকথন আয়োজনের পর ৭ অক্টোবর (শনিবার) ২০২৩ সন্ধ্যায় হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য তানভীর হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মকর্তা জেমস গার্ডিনার।